ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে সড়ক খাতের মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ গড়ে উঠেছে, তা দূর করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ প্রয়োজন। শ্রমিক ফেডারেশনের নতুন নেতৃত্ব পরিবহন খাতের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পরিবর্তন আনতে সোচ্চার থাকবে। পাশাপাশি সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।
পরিবহন খাতের আধুনিকায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, নতুন নতুন আইডিয়ার মাধ্যমে এই খাতকে নতুন করে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহনকে পুরোপুরি আইনসঙ্গত করা হবে এবং যাত্রীসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।
বিগত সময়গুলোর সমালোচনা করে রিজভী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্বে এলে গত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটবে।
এসময় জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
