শাপলা চত্বরের হত্যাকাণ্ড: অভিযোগ গঠনের শুনানি ১লা নভেম্বর

ফন্ট সাইজ:

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১লা নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, শাপলা চত্বরের ঘটনার মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষ যেসব নথিপত্র ও কাগজপত্রের উপর ভিত্তি করে মামলা পরিচালনা করতে চায়, তার অনেক কাগজপত্র এখনো পর্যন্ত আসামিপক্ষকে সরবরাহ করেনি। তিনি বলেন, চার্জ গঠনের ক্ষেত্রে যে বিষয়গুলো আসামিপক্ষ থেকে আদালতের সামনে উত্থাপন করা প্রয়োজন, কাগজপত্র না পাওয়ার কারণে তা সম্ভব হয়ে উঠেনি। যার কারণে আমরা ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি।
আদালতের সিদ্ধান্তের কথা জানিয়ে আইনজীবী বলেন, আদালত সন্তুষ্ট হয়ে আগামী ১লা নভেম্বর শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছেন। একইসঙ্গে এর মধ্যে আসামিপক্ষকে মামলার সমস্ত কাগজপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করার জন্য রাষ্ট্রপক্ষকে (প্রসিকিউশন পক্ষ) নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এদিন সকালে এ মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলায় মোট আসামি ৪১ জন। ট্রাইব্যুনালে হাজির করা অপর আসামিরা হলেনÑতৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রুপা। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন আসামি পলাতক রয়েছেন।
হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ ৪ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মামলাটি রায়ের অপেক্ষায়। যেকোনো দিন রায় হতে পারে। গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের অপেক্ষায় রেখেছেন। এই মামলার অন্য আসামিরা হলেনÑ কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। হানিফসহ মামলার চার আসামিই পলাতক। প্রসিকিউশন জানায়, এই চার আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদনে কুষ্টিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা ও সরাসরি অংশগ্রহণের জন্য তাদের অভিযুক্ত করা হয়।