দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদের দোসররা কাজ করছে: রিজভী

ফন্ট সাইজ:

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিবাদের দোসররা নানাভাবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার এবং কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে সরকার বরদাশ্ত করবে না। বুধবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণপূর্বে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, আগে থেকে সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন, যাতে মশার বংশবিস্তার না ঘটে। আর ডেঙ্গু প্রতিরোধে মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি মশার বংশবিস্তার বন্ধে প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ নেয়া গুরুত্বপূর্ণ। এজন্য ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে দেশের প্রতিটি পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গত ১২ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার কর্মী ও সংশ্লিষ্টরা বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। এ সময় মশার কামড় ও বংশবিস্তার থেকে রক্ষা পেতে এবং ডেঙ্গুর প্রকোপ কমাতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশিকা অনুসরণ করার ওপর গুরুত্ব আরোপ করেন রিজভী।
ডেঙ্গু পরীক্ষার খরচ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আগে পরীক্ষার জন্য ৫০ টাকা ফি নেয়া হলেও বর্তমানে সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। এখন যেকোনো নাগরিক সরকারি হাসপাতালে বিনা খরচে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকার বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তবে এ বিষয়ে আরো কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
ওদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় রিজভী বলেন, দেশবিরোধী যেকোনো চক্রান্ত ও আগ্রাসী শক্তির কাছে জাতীয়তাবাদী শক্তি কখনো আত্মসমর্পণ করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। আর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় জাতীয়তাবাদী শক্তি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবে।
শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বুলুর পাশে বসার স্মৃতিচারণ করে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আজকের অনুষ্ঠানে আবরার ফাহাদের বাবার পাশে বসেছি। এতে আমি অত্যন্ত গর্বিত ও আবেগাপ্লুত বোধ করেছি। কথা প্রসঙ্গে তিনি আমাকে জানান, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ১৯৯০ সালের রাকসু নির্বাচনে আমাকে ভোট দিয়েছিলেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।