রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের মূল সৌন্দর্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে। গতকাল বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম এনামুল্লাহ’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্টের প্রেস উইং জানায়, সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহ প্রেসিডেন্টকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। অবকাঠামোগত উন্নয়নে ৬০০ কোটি টাকার সরকারি বরাদ্দের বিষয়টিও প্রেসিডেন্টকে অবহিত করেন উপাচার্য। এছাড়া শূন্য পদে শিক্ষক নিয়োগ ও ছাত্রীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রেসিডেন্টের সহযোগিতা কামনা করেন তিনি। প্রেসিডেন্ট এসব সমস্যা সমাধানে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন এবং তুলনামূলক পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাতে প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। ওদিকে গতকাল প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবার বিষয়ে সহযোগিতা কামনা করা হলে প্রেসিডেন্ট প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রতিনিধিদল আগামী ৩০শে নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য ‘Disaster Preparedness and Resilient Bangladesh: Leading the Future’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রেসিডেন্টের উপস্থিতির আমন্ত্রণপত্র তার হাতে তুলে দেন। প্রেসিডেন্ট অনুষ্ঠানে অংশগ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেন।
অন্যদিকে বুধবার প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠাকুরগাঁও জেলার তরুণ মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আহ্বান’-এর আহ্বায়ক লুকমান শারীফ এবং সদস্য সচিব ডা. তাহমিদ আহমেদের নেতৃত্বে ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদল।
