মৌলভীবাজার জেলা এনসিপি’র নেতা এহসান জাকারিয়া বহিষ্কার

মৌলভীবাজার জেলা এনসিপি’র নেতা এহসান জাকারিয়া বহিষ্কার

ফন্ট সাইজ:

এনসিপি’র মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করেছে। বুধবার দলীয় প্যাডে এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে এ সংক্রান্ত একটি চিঠি এহসান জাকারিয়া বরাবর পাঠানো হয়েছে। এনসিপি’র দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এহসান জাকারিয়াকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে এনসিপি’র জেলা ও উপজেলার নেতাকর্মীরা এহসান জাকারিয়ার বিরুদ্ধে দলীয় এমন চূড়ান্ত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং দ্বন্দ্ব সৃষ্টি, অভ্যন্তরীণ কোন্দল, মারামারি, অপহরণ, অনৈতিক আর্থিক লেনদেন, কিশোর গ্যাংয়ের প্রশ্রয় দেয়াসহ নানা গুরুতর বাস্তবিক অভিযোগ রয়েছে। নেতাকর্মীরা বলেন, তার বহিষ্কারের মধ্যদিয়ে প্রমাণিত হলো এনসিপি’র কোনো নেতাকর্মী নিজ স্বার্থে দলের পদ পদবি ব্যবহার করে দলের শৃঙ্খলাবিরোধী বিতর্কিত কাজের সঙ্গে জড়ালে দলের হাইকমান্ড এমন কঠিন সিন্ধান্ত নিবে।
উল্লেখ্য, মাওলানা এহসান জাকারিয়া সম্প্রতি কুলাউড়ায় নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে মারামারির ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলাসহ দু’টি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।