সরাইলে প্রবাসীর স্ত্রী নিহতের ঘটনায় হত্যা মামলা প্রেমিকসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের হামলায় আহত প্রবাসীর স্ত্রী ফারজানার আক্তার (২৮) নিহতের দুইদিন পর মঙ্গলবার ছোট ভাই মোজাহিদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ছোটবোন প্রীতি ও তার প্রেমিক রায়হানকে (২২) গ্রেপ্তার করেছে। তাদেরকে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আহত ফারজানা দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত শনিবার মারা যান। একাধিক গণমাধ্যমে বিষয়টি প্রচার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনেরর আওতায় আনার দাবি ওঠে। গত মঙ্গলবার গভীররাতে পুলিশ প্রথমে অভিযান চালিয়ে ফারজানার ছোট বোন পাপিয়া আক্তার প্রীতিকে আটকের পর গ্রেপ্তার করেন।

ঘটনার রাতে ফারজানা আর প্রীতি একই কক্ষে ঘুমিয়ে ছিল। কিন্তু বর্বর এই ঘটনার দুই মাস ১২ দিন পরও গত সোমবার পর্যন্ত এ বিষয়ে প্রীতি ছিল একেবারেই নীরব। তার এমন নীরবতায় সন্দেহের সৃষ্টি হয়। দরজা জানালা কলাপসিবল গেইট বন্ধ ওই কক্ষে ফারজানাকে কুপিয়ে আহত করল। সে বাঁচার চেষ্টা করলো। বাচ্চা কান্না করলো। তারপরও প্রীতির ঘুম কেন ভাঙেনি? পুলিশ জানায়, প্রীতির মুঠোফোন জব্দ ও প্রযুক্তির সহায়তায় প্রেমিক রায়হানের (২২) সঙ্গে ঘটনার আগের-পরের যোগাযোগের প্রমাণ মিলেছে। রায়হান নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মিলন মিয়ার ছেলে। প্রীতির সঙ্গে রায়হানের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। প্রীতির দেয়া তথ্যানুসারে পুলিশ তেরকান্দা থেকে রায়হানকে গ্রেপ্তার করেছেন। প্রযুক্তির সহায়তায় রায়হানের আরও ২-৩ জন সহযোগীর সন্ধানও মিলেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একাধিক ব্যক্তি বলেন, প্রীতির সঙ্গে রায়হানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতে প্রেমিক যুগলের আপত্তিকর কোনো ঘটনা ফারজানা দেখে থাকতে পারে। আর এজন্যই সাক্ষী শেষ করতে তাকে হামলা ও খুনের শিকার হতে হয়েছে। দীর্ঘ দুইমাসেরও অধিক সময়ের মধ্যে এই ঘটনায় ফারজানার বাবা বা পরিবারের কেউ থানায় কেন জিডি করলেন না। এই প্রশ্নটিও এখন আলোচনা হচ্ছে সর্বত্র। সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, তদন্ত চলছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের রিমান্ডের আবেদন করেছি। রিমান্ডে অধিকতর জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।