খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি, জব্দ ১৪ লাখ ট্যাবলেট

ফন্ট সাইজ:

খাগড়াছড়ির সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে চার বছর ধরে অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা মাদকের তালিকায় রয়েছে ফেনসিডিল, ভারতীয় মদ, বিয়ার, ইয়াবা, গাঁজা, বিভিন্ন ধরনের ট্যাবলেট ও সিগারেট।
বুধবার সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সদর দপ্তরের মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। গুইমারা বিজিবি সেক্টরের আয়োজনে এবং রামগড় ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্র জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১শে আগস্ট পর্যন্ত গুইমারা সেক্টরের আওতাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হয়। জব্দ করা মাদকের মধ্যে রামগড় ব্যাটালিয়ন ৫৯৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৭৮২ বোতল ভারতীয় মদ, ৭০ বোতল ও ১৩৩ ক্যান বিয়ার, ১৫ লিটার বাংলা মদ, ১২ হাজার ৭২০ পিস ইয়াবা এবং ৬২ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। খেদাছড়া ব্যাটালিয়ন জব্দ করে ৪৩০ বোতল মদ, ১৭৫ ক্যান বিয়ার, ১১ দশমিক ০৭৫ কেজি গাঁজা, বিভিন্ন ধরনের ১৪ লাখ ৪৬ হাজার ৭৩৩ পিস ট্যাবলেট এবং ৫ হাজার ৩০৯ প্যাকেট সিগারেট। এ ছাড়া যামিনীপাড়া ব্যাটালিয়ন জব্দ করে ৪৪৬ বোতল ভারতীয় মদ, ৩৪ বোতল ও ২৪ ক্যান বিয়ার, ৩ দশমিক ৫ লিটার বাংলা মদ, ৫২০ পিস ট্যাবলেট, ১ হাজার ৩৯৬ পিস ইয়াবা এবং ৩০ দশমিক ২৪ কেজি ভারতীয় গাঁজা। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজিবি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি। সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, পিএসসি। অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহেল আহমেদ বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।