পদোন্নতি-আপগ্রেডেশনের দাবিতে বেরোবি’র তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ফন্ট সাইজ:

দীর্ঘদিন ধরে পদোন্নতি ও আপগ্রেডেশন থেকে বঞ্চিত থাকার অভিযোগে অবিলম্বে পদোন্নতি ও আপগ্রেডেশন প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৃতীয় শ্রেণির কর্মচারীরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মচারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা পদোন্নতি ও আপগ্রেডেশন থেকে বঞ্চিত রয়েছেন। ফলে কম বেতনে চাকরি করে আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে তাদের। তৃতীয় শ্রেণি কর্মচারী এসোসিয়েশনের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মো. মাহফুজার রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে প্রতিদিন দুই ঘণ্টা করে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে অবস্থান কর্মসূচি পালন করবো। প্রশাসন আমাদের দাবি-দাওয়া মেনে না নিলে কর্মসূচির সময়সীমা বৃদ্ধি করা হবে। শেষ পর্যন্ত আমরা হয়তো আমরণ অনশনের দিকে যেতে পারি। কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। গণিত বিভাগের সেমিনার সহকারী মোছা. কাকলী বেগম বলেন, আমরা খুব অল্প টাকা বেতন পাই। এই অল্প টাকা দিয়ে পরিবার চালানো খুবই কষ্টকর। এ কারণে আমাদের বেশির ভাগ কর্মচারী, ভাইবোন ঋণে জর্জরিত। ঋণের বোঝা মাথায় নিয়ে ইতিমধ্যে আমাদের অনেক কর্মচারী ভাইবোন মারা গেছেন। দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার সহকারী মো. মনোয়ার হোসেন বলেন, আমরাই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বেতনভোগী কর্মচারী। সময়মতো আপগ্রেডেশন বা পদোন্নতি হলে আমরা আর্থিকভাবে কিছুটা উপকৃত হতাম। অথচ গত ১০ বছর ধরে আমরা কোনো আপগ্রেডেশন পাচ্ছি না। এতে আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। তিনি আরও বলেন, উপাচার্যের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের যৌক্তিক দাবি-দাওয়া মেনে নিয়ে দ্রুত আপগ্রেডেশন ও পদোন্নতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হোক।