বোয়ালমারীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারীতে হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোজা নামের এক ৮ মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে তীব্র জ্বর, সর্দি-কাশিসহ হামের নানা উপসর্গ নিয়ে ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলছিল। কিন্তু পরদিন রাতে তার অবস্থার অবনতি ঘটলে তার মৃত্যু হয়। রোজা পার্শ্ববর্তী সালথা উপজেলার সাধুহাটি গ্রামের সৌদি আরব প্রবাসী অহিদ শেখের কন্যাসন্তান। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, বর্তমানে এলাকায় হামের সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অনেকেই সময়মতো চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এই প্রথম একটি শিশুর মৃত্যু হয়েছে।