সন্তানকে নিয়ে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ, এক মাসেও মেলেনি সন্ধান

ফন্ট সাইজ:

যশোরের অভয়নগরে এক মাস পেরিয়ে গেলেও দুই বছর বয়সী সন্তানসহ নিখোঁজ গৃহবধূ রিমা খাতুনের (১৮) সন্ধান মেলেনি। গত ৮ই সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি তার শিশুসন্তানকে নিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় তার স্বামী জাহাঙ্গীর হোসেন অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ রিমা উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের সোহরাব মোল্লার মেয়ে। জাহাঙ্গীর নওয়াপাড়ার আইএফআইসি ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন। তিনি জানান, গত ৮ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে তিনি কর্মস্থলে চলে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তার চাচাতো বোন মেঘলা খাতুন জানান, রিমা ব্যাগ গুছিয়ে ছেলেকে সঙ্গে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে বের হয়েছেন।

কর্মস্থল থেকে ফিরে স্ত্রী ও সন্তানের খোঁজে বিভিন্ন জায়গা ও রিমার বাবার বাড়িতে যোগাযোগ করেও তাদের সন্ধান পাননি। পরে গত ২০শে সেপ্টেম্বর অভয়নগর থানায় জিডি করেন তিনি। জাহাঙ্গীরের দাবিÑ বাড়ি থেকে বের হওয়ার সময় রিমা তার ও ছেলের দু’টি আংটি এবং নগদ ৯০ হাজার টাকা সঙ্গে নিয়ে যান। তার আরও দাবিÑ রিমা প্রায়ই তার অগোচরে মোবাইল ফোনে অন্য কারও সঙ্গে কথা বলতেন। এ কারণে তিনি স্ত্রী ও সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে তাদের নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য তার কাছে নেই। নিখোঁজ হওয়ার পর থেকে রিমার ব্যবহৃত মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রিমার পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।