নাটোরে পুত্রবধূর বালতির আঘাতে শাশুড়ির মৃত্যুর অভিযোগ

ফন্ট সাইজ:

নাটোরে পরকীয়ার জেরে পুত্রবধূ লাইলী বেগমের বালতির আঘাতে শাশুড়ি সাহারা বেগম (৬০) নিহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে লাইলী বেগম পলাতক রয়েছে। গত মঙ্গলবার রাতে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের চেয়াম্যানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সাহারা বেগম ওই এলাকার মৃত মুনসুর আলীর স্ত্রী। এ ঘটনায় রাতেই নাটোর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিহত সাহারা বেগমের ছেলে ও অভিযুক্ত লাইলী বেগমের স্বামী সাইফুল ইসলাম। অভিযুক্ত লাইলী বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহজাদপুর গ্রামের মৃত মনা খাদেমের মেয়ে। নিহত সাহারা বেগমের মেয়ে ফাতেমা বেগম জানান, আমার ভাই সাইফুল ইসলাম বিদেশ যাওয়ার পর থেকেই তার স্ত্রী লাইলী বেগম পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি আমার মা সাহারা বেগম জানতে পারে। তারপর থেকেই মা’কে নানাভাবে শারীরিক নির্যাতন করতো লাইলী।

বিষয়টি সাইফুল ইসলাম জানার এক বছর পর বিদেশ থেকে বাড়িতে চলে আসেন। তারপরও তার স্ত্রী লাইলী বেগম পরকীয়া ছাড়তে পারেনি। এ নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে সাইফুল ইসলাম, তার স্ত্রী লাইলী বেগম ও মা সাহারা বেগমের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এমন সময় লাইলী বেগম ক্ষিপ্ত হয়ে পাশে থাকা বালতি দিয়ে শাশুড়ি সাহারা বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা আহত অবস্থায় সাহারা বেগমকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। রাতে আবার বমি শুরু করলে পুনরায় তাকে একই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।