লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি পশ্চিম কাদমা এলাকায় শ^শুরবাড়িতে দাওয়াত খেতে এসে গভীররাতে পাষণ্ড স্বামী মোমিন স্ত্রী মোছা. রেমি আকতার (১৮) কে গলা কেটে হত্যার চেষ্টা করে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ মোমিন (২৪) কে গ্রেপ্তার করে জেলহজতে প্রেরণ করে।
এলাকাবাসী জানায়, কয়েক বছর আগে এলাকার জুলহাস আলী তার মেয়ে মোছা. রেমি আকতারকে গাজীপুর জেলার কাশিমপুর থানার আবুল কালাম মিয়ার ছেলে আব্দুল মোমেনের সঙ্গে বিবাহ দেন।
দাম্পত্য জীবনে তাদের মধ্যে কলহ ছিল। এমতাবস্থায় গত একমাস আগে রেমি আক্তার স্বামীর বাড়ি থেকে অভিমান করে বাবার বাড়ি চলে আসে। এরই মাঝে রেমি আক্তারের ভাইয়ের বিয়ের দিন চূড়ান্ত করা হলে শ^শুর জুলহাস আলী জামাই মোমেনকে ছেলের বিয়ের অনুষ্ঠানে অগ্রিম দাওয়াত দেন। মোমেন মঙ্গলবার শ^শুরবাড়িতে আসলে গভীররাতে ঘুমের মধ্যে স্ত্রী’কে হত্যার উদ্দেশ্যে গলা কাটার চেষ্টা করে। এ সময় সে চিৎকার করলে বাবা-মা’সহ সকলে এস তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। এ সময় তারা মোমেনকে আটক করে। পরে শ^শুর জুলহাস বাদী হয়ে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন। হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান জানান, পুলিশ মোমেনকে জেলহাজতে প্রেরণ করেছে।
