উচ্চশিক্ষায় অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ লাভ করতে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৬ জন শিক্ষার্থী। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন। তিনি জানান, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মনোনীতদের চূড়ান্ত তালিকা ইউজিসি অনুমোদন দিয়ে প্রকাশ করেছে। ইউজিসি’র অনুমোদিত তালিকা অনুযায়ী, কুবি থেকে ২০১৯ সালে পাঁচজন, ২০২০ সালে পাঁচজন এবং ২০২১ সালে ছয়জনসহ মোট ১৬ শিক্ষার্থী চূড়ান্তভাবে এ পদকের জন্য নির্বাচিত হয়েছেন।
পাশাপাশি ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের চূড়ান্ত তালিকার কাজ এখনো চলমান রয়েছে। ২০১৯ সালের তালিকায় স্থান পেয়েছেন বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের সোনিয়া আক্তার, কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের নূর-ই-জাহান তাহিন, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের তাসলিমা আক্তার, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের তাসফিয়া সালাম এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার। ২০২০ সালের তালিকায় রয়েছেন বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের মাহিমা সুলতানা সরকার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের তৈয়বুন নাহার, সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের হেলাল উদ্দিন, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের মুক্তা আক্তার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারজানা আক্তার। অপরদিকে ২০২১ সালের তালিকায় মনোনীতরা হলেন বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের নাজনীন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের সাবিকুন্নাহার, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের নাহিদা আক্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগের আমেনা আক্তার এবং আইন অনুষদের আইন বিভাগের নিশি আক্তার।
