মানবজমিনে সংবাদ প্রকাশের পর তারাকান্দায় দালালমুক্ত হলো কৃষি ব্যাংক

ফন্ট সাইজ:

মানবজমিনে সংবাদ প্রকাশের প্রায় দুই বছর পর ময়মনসিংহের তারাকান্দার বাংলাদেশ কৃষি ব্যাংক শাখাটি দালালমুক্ত হয়ে সেবার মান ও আর্থিক কার্যক্রমে উল্লেখযোগ্য উন্নতি করেছে। বর্তমানে শাখাটি গ্রাহকবান্ধব পরিবেশে কার্যক্রম পরিচালনার পাশাপাশি সদ্য সমাপ্ত অর্থ বছরে ৬০ লাখ টাকা মুনাফা অর্জনসহ উল্লেখযোগ্যভাবে খেলাপী ঋণ হ্রাস ও আমানত বৃদ্ধি করেছে। জানা গেছে, ২০২৪ সালের ২১শে মার্চ মানবজমিন পত্রিকায় ‘কৃষি ব্যাংকে দালালের দৌরাত্ম্য’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর শাখার তৎকালীন ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়। এরপর শাখাটিতে দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হয়।

গ্রাহকদের সরাসরি ব্যাংকিংসেবা গ্রহণে উৎসাহিত করা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করায় পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন আসে। স্থানীয় গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে ব্যাংকের বিভিন্ন সেবা নিতে দালালের ওপর নির্ভরশীলতার অভিযোগ থাকলেও বর্তমানে গ্রাহকরা সরাসরি ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে সেবা পাচ্ছেন। এতে হয়রানি ও অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগও কমেছে। দালালমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক আলতাফ হুসাইন, ঋণ আদায় ও বিতরণকারী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ, আশরাফুল আলম শামীম ও শিপন চন্দ্র সাহার ভূয়সী প্রশংসা করেছেন ঋণগ্রহীতারা।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত হওয়ায় গ্রাহকদের আস্থা বেড়েছে। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায় কার্যক্রমে গতি আসায় শাখাটির সামগ্রিক আর্থিক কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তন হয়েছে। ফলে শাখাটি বর্তমানে লাভজনক শাখায় উন্নীত হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে সহায়তা করেছে। তাদের মতে, ব্যাংকের সেবার মান আরও উন্নত করতে নিয়মিত তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহিতা অব্যাহত রাখা প্রয়োজন। এতে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। সম্প্রতি শাখাটি নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক জামিল আহমেদ, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল হাসান, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা আহম্মেদ আমানসহ অত্র ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ শাখাটির সামগ্রিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।