চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ একটি ডাম্পার ট্রাক আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এ সময় তৌহিদুল ইসলাম (২১) ও সাহেদুর ইসলাম নয়ন (২২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা সিগারেটের আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। বুধবার ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকো পার্ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে সড়কের উপর একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন (চধঃৎড়হ) এবং ১ হাজার ৮০০ প্যাকেট অরিস (ঙৎরং) সিগারেট উদ্ধার করা হয়। পরে ডাম্পার ট্রাকটি জব্দ করা হয় এবং ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক তৌহিদুল রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এবং সাহেদুর ইসলাম শিলক গ্রামের বাসিন্দা। বিজিবি জানিয়েছে, সিগারেটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে পাচার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিগারেট আটক করা হয়।
আটক ব্যক্তিদের, উদ্ধার করা সিগারেট ও ডাম্পার ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
