ধারণ ক্ষমতার তিনগুণ বেশি বন্দি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। ৭৮০ এর স্থলে এখন সেখানে বন্দি রয়েছে প্রায় ২২শ’। ফলে বন্দিতে ঠাসা হয়ে উঠেছে এই কারাগার। যদিও কারা কর্মকর্তারা দাবি করছেন তাতে কোনো সমস্যা হচ্ছে না। জেলা কারাগার থেকে পাওয়া হিসাবে দেখা গেছে, গত ডিসেম্বর মাস থেকে বন্দি সংখ্যা বৃদ্ধির দিকে রয়েছে। এর আগে বন্দি ১২-১৩শ’র মধ্যে ছিল। গত বছরের জানুয়ারি মাসে গড়ে বন্দি ছিল ১৩৩৫ জনের বেশি, ফেব্রুয়ারিতে ১২৩৯ জনের বেশি, মার্চে ১২২৩ জনের বেশি, এপ্রিলে ও মে মাসে ১২৪৭ জনের বেশি, জুন মাসে ১৩০১ জনের বেশি, জুলাই মাসে ১২০২, আগস্টে ১৩২০, সেপ্টেম্বরে ১৬৫৫, অক্টোবরে ১৪৬৫, নভেম্বরে ১৪৪২ এবং ডিসেম্বরে ১৬৩৩ জনের বেশি বন্দি ছিল এই কারাগারে। এ বছরের জানুয়ারিতে গড়ে বন্দি ছিল ১৭৪২ জনের বেশি, ফেব্রুয়ারিতে ১৭৯২ জনের বেশি, মার্চে ১৬২৯ জনের বেশি, এপ্রিলে ১৬০৭ জনের বেশি, মে মাসে ১৭২২ জনের বেশি, জুন মাসে ১৭২৫ জনের বেশি, জুলাই মাসে ১৮৭১ জনের বেশি, আগস্টে ২২৫০ জনেরও বেশি এবং সেপ্টেম্বরে ২১৫২ জন বন্দি ছিল গড়ে। এ মাসে গড়ে বন্দিসংখ্যা ২১শ’র ওপরে। মঙ্গলবার বন্দি ছিল ২১৯০ জন।
এর মধ্যে নারী বন্দির সংখ্যা ৮৩ জন। এর আগে ২০২৪ সালের জুলাই মাসে গড়ে বন্দি ছিল সাড়ে ১২শ’র বেশি। আগস্টে এই সংখ্যা হাজারে চলে আসে। সেপ্টেম্বরে গড় বন্দির সংখ্যা আরও কমে হয় সাড়ে ৮শ’। অক্টোবর মাসে বেড়ে তা আবার ১৪০০-তে পৌঁছে। ওই বছরের নভেম্বরে বন্দি সংখ্যা আরও কয়েকশ’ বৃদ্ধি পেয়ে ১৭শ’র কাছাকাছি চলে আসে। এর পরের কয়েক মাস অর্থাৎ ২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল-মে মাস পর্যন্ত গড়ে বন্দির সংখ্যা ১২শ’ থেকে ১৪-১৫শ’র মধ্যে উঠানামা করে। পরের মাসগুলোতে বেড়ে বন্দি সংখ্যা গড়ে ১৬-১৭শ’ বা তার চেয়ে বেশি হয়। কারা সূত্র জানায়, জামিনে প্রতিদিন ৪০-৪৫ জন বের হচ্ছে। আবার ভেতরে আসছে এমনই ৪০-৫০ জন। বন্দি বেড়ে ধারণ ক্ষমতার তিনগুণ হলেও কোনো সমস্যা হচ্ছে না বলে দাবি করেন জেলা কারাগারের সুপার মজিবুর রহমান মজুমদার। তিনি জানান, বন্দিদের প্রায় দুই ভাগই মাদক মামলার আসামি।
