ব্যাংকের বন্ধকী জমি থেকে মাটি কাটার অভিযোগ

ব্যাংকের বন্ধকী জমি থেকে মাটি কাটার অভিযোগ

ফন্ট সাইজ:

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক বরুড়া শাখার নিকট বন্ধক রাখা জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। এতে ব্যাংকের স্বার্থ ও বন্ধকী সম্পত্তির মূল্য ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। জানা যায়, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক বরুড়া শাখার গ্রাহক মো. বায়েজিদ (ইয়াসিন) তার ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স শাকিল এন্টারপ্রাইজ এন্ড অটো স মিল’-এর অনুকূলে ১১ কোটি টাকা এবং সহযোগী প্রতিষ্ঠান ‘মেসার্স মক্কা টিম্বার অ্যান্ড সাপ্লাইয়ার্স’-এর অনুকূলে ২.৮০ কোটি টাকাসহ ১৩.৮০ কোটি টাকার ঋণ গ্রহণ করেন।

এই ঋণের বিপরীতে গ্রাহক বড়হাতুয়া, গহীন খালী, দক্ষিণ পীহর, উত্তর লতিফপুর, বর্তমানে আদমসার, বড়হরিপুর ও শাসনগাছা মৌজায় ৫০৫.৯৩ শতক জমি ব্যাংকে বন্ধক রাখেন। বর্তমানে গ্রাহক খেলাপী ঋণগ্রহীতা ও পলাতক অবস্থায় রয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অর্থঋণ মামলাসহ আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে।

এ পর্যায়ে ব্যাংকের অনুকূলে থাকা সম্পত্তি রক্ষা অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি অবিলম্বে বন্ধে কার্যকর প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন জানিয়েছেন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক বরুড়া শাখার ভিপি ও শাখা ব্যবস্থাপক মো. আব্দুল মতিন পাটোয়ারী। আবেদনের অনুলিপি সহকারী কমিশনার (ভূমি) এবং বরুড়া থানার অফিসার ইনচার্জকেও প্রদান করা হয়েছে। এ ব্যাপারে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন আমরা অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করবো।