এবারও গ্রেপ্তার করা যায়নি সন্ত্রাসী বগাকে

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীর তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের কথিত নিয়ন্ত্রক ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারে আবারো অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর ভবনে তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হলেও শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগর ভবন এলাকায় অভিযান শুরু করে খুলশী থানা পুলিশ। একপর্যায়ে ভবনটি ঘিরে ফেলা হয় এবং ভেতরেও তল্লাশি চালানোর চেষ্টা করা হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তবে শেষ পর্যন্ত বগাকে পাওয়া যায়নি। অভিযান শেষে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, বগা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে বগা সিটি করপোরেশন ভবনে আসতে পারেন-এমন তথ্যের ভিত্তিতে সামনের সড়কে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তবে তাকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। উল্লেখ্য, ওয়াকিল হোসেন ওরফে বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। চলতি বছরের জুনে একটি সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ ওঠার পর ৮ই জুন তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়। গত ২৭শে সেপ্টেম্বর রাতে খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় হৃদয় নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়।

এ ঘটনায় অভিযান চালিয়ে আট কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধের জেরে ওই হত্যাকাণ্ড ঘটে। নিহত হৃদয় ‘ফাইভ স্টার’ গ্যাংয়ের সদস্য ছিল এবং গ্রেপ্তার ব্যক্তিরা ‘সেভেন স্টার’ গ্যাংয়ের সঙ্গে যুক্ত।
পুলিশের তথ্য অনুযায়ী, ওয়াকিল হোসেন ওরফে বগা এবং রকিবুল ইসলাম ওরফে পিচ্চির বিরুদ্ধে ‘সেভেন স্টার’ গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে। গত ৩০শে আগস্ট পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে নির্যাতন এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে হুমকি দেয়ার অভিযোগে বগাসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় বগাকে ২ নম্বর আসামি করা হয়েছে। এর আগে গত ৪ঠা সেপ্টেম্বর বগাকে গ্রেপ্তারে খুলশীর ওয়্যারলেস এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা করেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

পরে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় বগা, তার ভাই রকি হোসেন ওরফে পিচ্চিসহ ২৭১ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়।
বগার বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তার বাবা জাবেদ। মামলায় খুলশী থানার ওসিসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও অন্যদের আসামি করা হয়েছে। আদালত নালিশি মামলাটি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।