পঞ্চগড় সীমান্ত দিয়ে ৭ জনকে ভারতে ফেরত

ফন্ট সাইজ:

বিএসএফ বাংলাদেশে ৭ জনকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়েছে। বিজিবি’র বাধার মুখে শেষ পর্যন্ত তারা ভারতে ফিরে যেতে বাধ্য হয়েছে। গত মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। এ ৭ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী ছিলেন।
জানা যায়, ওই দিন মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় ৭ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তের কাছাকাছি অবস্থান নেন।

দিনভর সীমান্ত এলাকায় অবস্থানের পর রাতে বিজিবি’র কঠোর অবস্থানের কারণে ৭ জন নারী-পুরুষ একই সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে গেছেন। নীলফামারী ৫৬ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার, পুশইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।