‘হুমকির’ কারণে বৃটেনের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

‘হুমকির’ কারণে বৃটেনের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ফন্ট সাইজ:

অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্বীকার করলেন। বললেন, হুমকি থাকার কারণে বৃটেনের একটি বিমান ঘাঁটি থেকে সরিয়ে নেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান। এর আগে বৃটেনে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তার বোমারু বিমান সরিয়ে নেয়। ওই ঘাঁটির কাছ থেকে সম্প্রতি সন্দেহজনক আচরণের কারণে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। ধারণা করা হয়, তারা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিল। এর পরই সরানো হয় ওই বিমানগুলোকে। হুমকির কারণে সেগুলো সরানো হলেও প্রথমে যুক্তরাষ্ট্র বা পেন্টাগন পরিষ্কার করে কিছু বলেনি। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সব প্রকাশ করে দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
রোববার পেন্টাগন নিশ্চিত করে, ঘাঁটিতে থাকা বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্র তাদের নিজ নিজ ঘাঁটিতে ফিরিয়ে নিয়েছে।

সোমবার নেব্রাস্কার উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ঘাঁটিটির বিষয়ে একটি ‘হুমকি’র কথা যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত। সেই কারণেই বোমারু বিমানগুলো সরিয়ে নেয়া হয়েছে। এর আগে সোমবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জোর দিয়ে বলেন, আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ রয়েছে। এ সময় তিনি গত সপ্তাহে ট্রাম্পের দেয়া বক্তব্যের কথাও উল্লেখ করেন। ওই বক্তব্যে ঘাঁটির নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বৃটেনের ‘পুলিশ, প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী’র প্রশংসা করেন ট্রাম্প।

ট্রাম্পের সর্বশেষ মন্তব্য থেকে মার্কিন গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনগুলোর সত্যতা অনেকটাই নিশ্চিত হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, নতুন একটি হুমকির কারণে বোমারু বিমানগুলো সরিয়ে নেয়া হয়েছে। ২৭শে সেপ্টেম্বর বিমানঘাঁটির কাছে তিনটি ‘সন্দেহজনক যানবাহন’ দেখা যাওয়ার পর পুলিশকে সতর্ক করা হয়েছিল।