রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে মারধরের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে মিরপুর-১ নম্বরে এ ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সালেহ্ মুহম্মদ জাকারিয়া। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানান তিনি। আটক ব্যক্তির নাম রিপন মণ্ডল। নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে, রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শিশুকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক শিশুকে মারধর করছেন এক ব্যক্তি। শিশুটি নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও তাকে ছাড় দেয়া হচ্ছে না। আশপাশে থাকা লোকজনের মধ্য থেকে একজন এগিয়ে এসে শিশুটিকে রক্ষা করার চেষ্টা করেন। ঘটনাটি ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। পথশিশু নিয়ে কাজ করা সামাজিক স্বেচ্ছাসেবীরা বলছেন, পথশিশুরা রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার, আশ্রয় ও নিরাপত্তার সংকটে দিন কাটায়। পরিবারের বিচ্ছিন্নতা, দারিদ্র্যসহ নানা কারণে অনেক শিশুই রাস্তায় ঘুমায়। খাবারের জন্য তারা মানুষের সহায়তা বা বিভিন্নভাবে সংগ্রহ করা খাবারের ওপর নির্ভর করে।
শিশুদের ক্ষেত্রে কোনো অভিযোগ থাকলে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়ার কথা। কিন্তু খাবারের মতো মৌলিক প্রয়োজনের সঙ্গে জড়িত ঘটনায় একটি শিশুকে প্রকাশ্যে মারধরের এমন দৃশ্য শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত রিপন মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। পাশাপাশি শিশুটিকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনের শাসন নিশ্চিত করতে এবং এ ধরনের নির্মমতার ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তারা তৎপর রয়েছে। এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া বলেন, নির্যাতনকারী ব্যক্তির নাম রিপন মণ্ডল। গত পরশু রাতে মিরপুর-১ নম্বরে তিনি একটি শিশুকে নির্মমভাবে নির্যাতন করেছিলেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। চিকিৎসার জন্য শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, আমরা শিশুটির নাম- পরিচয় এখনো জানতে পারিনি। শিশুটির বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। আইনের শাসন সবাইকে মানতে হবে। যেকোনো ধরনের নির্মমতার ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অ্যাকশনে যাবে।
