বগুড়ায় পূজা উদ্যাপন কমিটির প্রস্তুতি সভায় হট্টগোল

ফন্ট সাইজ:

পূজা উদ্যাপন কমিটির নেতাদের ডেকে এনে অপমান করার অভিযোগ উঠেছে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের বিরুদ্ধে। গতকাল পূর্বনির্ধারিত শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসকে কথা বলার সুযোগ দেননি জেলা প্রশাসক।

এতে সভা চলাকালে হট্টগোলের সৃষ্টি হয়। পরে বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা পরিস্থিতি শান্ত করেন। সকাল ১১টার দিকে বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় হিন্দু ধর্মাবলম্বী নেতাদের বক্তব্য না শোনাকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করে বৈঠক থেকে উঠে চলে যান জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই ঘটনা ঘটে। জেলা প্রশাসনের ডাকে এই বৈঠকে অংশ নেন জেলার ১৩টি উপজেলার সনাতন ধর্মীয় প্রতিনিধি ও পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। সভায় উপজেলা পর্যায়ের কয়েকজন পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধির বক্তব্য শোনার পর পূর্ব নির্ধারিত অন্য একটি কর্মসূচির অজুহাতে আলোচনা সংক্ষেপ করার কথা জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য দেন।

এতে উপস্থিত অনেক নেতা নিজ এলাকার পূজা সম্পর্কিত সমস্যা ও প্রস্তাব নিয়ে কথা বলতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসসহ অন্যরা এবং হট্টগোল করে তারা সভা বর্জন করে কক্ষ থেকে বেরিয়ে যান। পরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তার অনুরোধে পূজা উদ্যাপন পরিষদের নেতারা পুনরায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন।