জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃতি সন্তান এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহসান শাহরিয়ার তোহফা। আহসান শাহরিয়ার তোহফা সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের সন্তান। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন।
জাতীয় পর্যায়ের সম্মাননা অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে ‘গুণী শিক্ষক’ পুরস্কার গ্রহণ করেন। এ অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আহসান শাহরিয়ার তোহফা বলেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমি আজ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করলাম।” এ সময় তিনি প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় সরাইলের শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের সন্তান আহসান শাহরিয়ার তোহফার এ অর্জনকে স্থানীয়ভাবে গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে। নিজের এ অর্জনকে শিক্ষকতা জীবনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে সকলের দোয়া কামনা করেন।
