কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় সড়কের ফুটপাত ও সড়ক দখল করে তৈরি করা অবৈধ দোকান উচ্ছেদ ও শিল্প কারখানার সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার সকালে সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার মইজ্জারটেক চত্ত্বর থেকে শুরু করে শিকলবাহা কালারপেল সড়কের দু’পাশে প্রায় অর্ধশতাধিক দোকানপাট ও এস আলম গ্রুপের মালিকানাধীন শিল্প কারখানা চেমন ইস্পাত লিমিটডের পাকা সীমানা প্রাচীর গুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযানে থাকা সিডিএ’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান বলেন, ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা, যানজট ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
