বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। সোমবার সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। তিনি বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট আয়োজন মর্যাদার বিষয়।
এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান বলেন, টুর্নামেন্টে অংশ নেয়া দেশি-বিদেশি খেলোয়াড়দের যেকোনো প্রয়োজন ও সমস্যায় সিটি করপোরেশন পাশে থাকবে। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন বাংলাদেশি খেলোয়াড়দের বিদেশি প্রতিযোগীদের সঙ্গে সরাসরি খেলার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। বালক ও বালিকা এককে ৩২ জন করে এবং দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে।
বালকদের মধ্যে থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল এবং বালিকাদের মধ্যে ভারতের শেখ শাজফা শীর্ষ র্যাঙ্কিংয়ের খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন। এবার রাজশাহীর পাঁচজন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মেইন ড্রয়ে খেলবেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী টুর্নামেন্ট রেফারির দায়িত্ব পালন করছেন।
