বরিশালকে ইনিংস ব্যবধানে হারালো খুলনা

বরিশালকে ইনিংস ব্যবধানে হারালো খুলনা

ফন্ট সাইজ:

স্রেফ তৃতীয় দিনেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেল। জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) এবারের আসরের শুরুতেই দাপুটে জয় তুলে নিলো খুলনা বিভাগ। গতকাল ব্যাটিং বিপর্যয়ের পড়ে খুলনার কাছে ইনিংস ও ১৩৫ রানের বিশাল ব্যবধানে হারলো বরিশাল বিভাগ।

প্রথম ইনিংসে খুলনার পাহাড়সম ৪২৬ রানের জবাবে মাত্র ৯৪ রানে গুটিয়ে ফলোঅনে পড়ে বরিশাল। তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১৯৭ রানে থেমে যায় তাদের ইনিংস। হাফিজুর রহমান ৯১ রানের লড়াকু ইনিংস খেললেও দলের হার এড়াতে পারেননি। খুলনার বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি বরিশালের ব্যাটাররা। সফর আলী একাই তুলে নেন ৪ উইকেট। এছাড়া শেখ পারভেজ জীবন ৩টি এবং সামিউন বশির রাতুল নেন ২টি উইকেট।

জমজমাট লড়াই ঢাকা-রংপুরের
এদিকে, ঢাকা ও রংপুরের মধ্যকার ম্যাচটি এখন রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে রংপুরের ৩৪০ রানের জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। ৬ উইকেটে ১২০ রান নিয়ে দিন শেষ করা দলটি গতকাল তাইবুর রহমান ও সুমন খানের অবিশ্বাস্য দৃঢ?তায় ঘুরে দাঁড়ায়। সপ্তম উইকেট জুটিতে এই দুজনে যোগ করেন মহামূল্যবান ১২৬ রান। তাইবুর রহমান অসাধারণ ব্যাটিং করে ২০৮ বলে তুলে নেন তার ক্যারিয়ারের দ্বিতীয় প্রথম শ্রেণির সেঞ্চুরি (১০৮ রান)। অন্যদিকে, মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও দায়িত্বশীল ইনিংস খেলে ঢাকাকে লড়াইয়ে ফেরান সুমন। এই দুজনের ব্যাটে ভর করে ২৬৪ রান পর্যন্ত পৌঁছায় ঢাকা।

রংপুরের হয়ে স্বাধীন ইসলাম, আবু হাশিম, ইকবাল হোসেন ও মোহাম্মদ রিজওয়ান দুটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ৭৬ রানের লিড পেলেও নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে চরম বিপাকে পড়েছে রংপুর। ঢাকার বোলারদের তোপে মাত্র ৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে তারা। ওপেনার অনিক সরকার ও মিম মোসাদ্দেক রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। তৃতীয় দিন শেষে রংপুরের সংগ্রহ ৩ উইকেটে ১২ রান, আর তাদের লিড ৬২ রানের।