ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপের লড়াই শুরু আজ

ফন্ট সাইজ:

ফেডারেশন কাপ ফুটবল প্রতিযোগিতার ‘বি’ গ্রুপের লড়াই শুরু আজ। এই গ্রুপে থাকা পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ছাড়া খেলতে নামছে বাকি ছয় দল। এক সপ্তাহ আগেই ফেডারেশন কাপের এ ম্যাচগুলো হওয়ার কথা ছিল। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যাচগুলো পিছিয়ে দেয়। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বসুন্ধরা কিংস খেলবে ঢাকা ওয়ান্ডারর্সের বিপক্ষে।

মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির প্রতিপক্ষ নবাগত সিটি ক্লাব। বিকাল ৩টায় শুরু তিনটি ম্যাচ। দেখা যাবে টি স্পোর্টস ফুটবল ইউটিউব চ্যানেলে। ফেডারেশন কাপের সবশেষ আসরে রানার্সআপ হওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার শক্তিশালী দল গড়েছে। ফিফা আসিয়ান কাপ শেষে মোহামেডানের ক্যাম্পে যোগ দিয়েছেন জাতীয় দলের নয় ফুটবলার। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই আরামবাগের বিপক্ষে খেলতে নামবে সাদা কালোরা। পরিসংখ্যানেও এগিয়ে মোহামেডান। দু’দলের ১২ দেখায় মোহামেডানের জয় ৭ ম্যাচে। আরামবাগের জয় কেবল এক ম্যাচে। বাকি চার ম্যাচ ড্র হয়। বাংলাদেশ ফুটবল লীগে শুভসূচনা করা মোহামেডান চাইবে পরিসংখ্যানকে সমৃদ্ধ করে ৩ পয়েন্ট তুলে নিতে।

অন্যদিকে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে বসুন্ধরা কিংস এখনো অপরাজিত। দুই দেখায় শতভাগ জয় কিংসের। বিএফএলে আরামবাগের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মৌসুম শুরু করা দলটি ফেডারেশন কাপে ভালো ফলে চোখ রাখবে। ঘরোয়া ফুটবলে বড় দল হয়ে উঠা বাংলাদেশ পুলিশ এফসিকে চমক দিতে চাইবে নবাগত সিটি ক্লাব। বিএফএলের এবারের মৌসুমে টানা দুই ম্যাচ জয় নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ পুলিশ।