আইরিশ কোচকে থুথু ছিটানোর অভিযোগ ইসরাইলি খেলোয়াড়ের বিরুদ্ধে

আইরিশ কোচকে থুথু ছিটানোর অভিযোগ ইসরাইলি খেলোয়াড়ের বিরুদ্ধে

ফন্ট সাইজ:

রাজনৈতিক উত্তাপের আঁচ সরাসরি এসে পড়লো আয়ারল্যান্ড ও ইসরাইলের মধ্যকার উয়েফা নেশনস লীগ ম্যাচে। সার্বিয়ায় অনুষ্ঠিত দুই দলের এই উত্তপ্ত ড্রয়ের ম্যাচটি শেষ হয় মাঠের বাইরের নানা বিতর্ক আর গুরুতর অভিযোগের মধ্যদিয়ে। খেলার বিরতির সময় আইরিশ কোচিং স্টাফকে এক ইসরাইলি খেলোয়াড় থুথু ছিটিয়ে অপমান করেছেন- এমন গুরুতর অভিযোগ তুলেছে আয়ারল্যান্ড দল। ম্যাচ শেষে আইরিশ কোচ হেইমির হালগ্রিমসন বলেন, ‘আমি সত্যিই আনন্দিত যে এই অধ্যায় শেষ হলো। এটি আমাদের সবার ওপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করেছে। গত দুই সপ্তাহে আমাদের দল যা সহ্য করেছে, তা যেন অন্য কোনো জাতীয় দলকে দেখতে না হয়।’

গত কয়েক সপ্তাহ ধরে গাজায় ইসরাইলি আগ্রাসন ও রাজনৈতিক উত্তেজনার জেরে এই ম্যাচ দুটি নিয়ে বিশ্ব জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর আগে হাঙ্গেরিতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে আয়ারল্যান্ড ৩-০ গোলে জেতে। সার্বিয়ার মাঠে অনুষ্ঠিত ফিরতি লেগের এই ম্যাচেও ছিল না কোনো প্রথাগত করমর্দন বা পতাকা বিনিময়। দুই দলের খেলোয়াড়রাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন, যেখানে আইরিশরা শ্রদ্ধা জানায় গাজার সংঘাতের শিকার মানুষদের প্রতি। আর ইসরাইলিরা স্মরণ করে ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলায় নিহতদের। খেলার প্রথমার্ধে ট্রয় প্যারটের পেনাল্টি গোলে আয়ারল্যান্ড এগিয়ে গেলেও, বিরতির ঠিক পরপরই গোল শোধ করেন ডোর পেরেটজ। তবে মাঠের খেলার চেয়ে বড় হয়ে ওঠে প্রথমার্ধের শেষের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আইরিশ কোচিং স্টাফ ডেমিয়েন ডয়েল অভিযোগ করেন, বিরতির সময় সাজঘরে ফেরার পথে এক ইসরাইলি খেলোয়াড় তার গায়ে থুথু ছিটান।

এ বিষয়ে আইরিশ কোচ হালগ্রিমসন বিস্তারিত কিছু না বললেও জানান, বিষয়টি উয়েফার ডিসিপ্লিনারি কমিটির বিবেচনাধীন রয়েছে। অন্যদিকে, ইসরাইলি কোচ রান বেন-শিমন ঘটনার সময় ড্রেসিংরুমে ছিলেন বলে দাবি করেন। সেইসঙ্গে তার খেলোয়াড়রা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সহিংসতা বা অনৈতিক আচরণ করেননি বলে মন্তব্য করেন তিনি।