মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারদর ও প্রকৃত নিট সম্পদমূল্যের (এনএভি) মধ্যে অস্বাভাবিক ব্যবধান নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের প্রতি ইউনিটের নিট সম্পদমূল্যের (এনএভি পার ইউনিট) তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দামে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
সোমবার বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের এ বিষয়ে সতর্ক করা হয়।
বিএসইসি জানিয়েছে, মিউচুয়াল ফান্ড একটি সুসংগঠিত ও নিয়ন্ত্রিত বিনিয়োগ মাধ্যম। এতে বিনিয়োগকারীদের অর্থ একত্রিত করে বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও সম্পদে বিনিয়োগ করা হয়। ফান্ডের এসব সম্পদের বাজারমূল্যের ভিত্তিতে মোট সম্পদের মূল্য নির্ধারণ করা হয়। এরপর ফান্ডের দায়-দেনা বাদ দেওয়ার পর যে নিট সম্পদমূল্য পাওয়া যায়, সেটিই ফান্ডের নিট সম্পদমূল্য বা নেট অ্যাসেট ভ্যালু (এনএভি)।
একটি ফান্ডের মোট নিট সম্পদমূল্যকে মোট ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করে প্রতিটি ইউনিটের বিপরীতে নিট সম্পদমূল্য বা এনএভি পার ইউনিট নির্ধারণ করা হয়। নির্ধারিত বিধিবিধান অনুযায়ী অ্যাসেট ম্যানেজাররা নিয়মিতভাবে মিউচুয়াল ফান্ডের এনএভি ও সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করে থাকেন।
সম্প্রতি কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট এনএভি পার ইউনিটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দামে লেনদেন হচ্ছে বলে বিএসইসির নজরে এসেছে। নিয়ন্ত্রক সংস্থার মতে, একটি মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারমূল্য ও তার অন্তর্নিহিত নিট সম্পদমূল্যের মধ্যে উল্লেখযোগ্য ও অস্বাভাবিক ব্যবধান থাকলে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন।
বিএসইসি বলেছে, মিউচুয়াল ফান্ডের ইউনিটের মূল্যায়নের ক্ষেত্রে ফান্ডের অন্তর্নিহিত সম্পদের মূল্য তথা এনএভি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। কোনো মিউচুয়াল ফান্ড নগদায়ন (লিকুইডেশন) করা হলে, ইউনিটহোল্ডারের ওই ফান্ডের নিট সম্পদমূল্যের তুলনায় বেশি অর্থ পাওয়ার সুযোগ নেই।
এ কারণে মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের আগে সংশ্লিষ্ট ফান্ডের সর্বশেষ প্রকাশিত এনএভি পার ইউনিট এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে বিএসইসি।
একই সঙ্গে শুধু কোনো ইউনিটের বাজারমূল্য বেড়েছে এমন তথ্যের ভিত্তিতে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় বিনিয়োগের সিদ্ধান্ত না নিতেও বিনিয়োগকারীদের সতর্ক করেছে বিএসইসি।
নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানায়, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডের প্রকৃত সম্পদমূল্য, আর্থিক অবস্থা, ফান্ডের মেয়াদ, বিনিয়োগের ধরন বা পোর্টফোলিও এবং প্রকাশিত অন্যান্য তথ্য বিবেচনা করে জেনে-বুঝে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত।
