অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডির ৩০ বছরের পথচলা

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডির ৩০ বছরের পথচলা

ফন্ট সাইজ:

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) ৩০ বছর পূর্তি উদযাপন করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে সোমবার সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিডিডির বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তি, দাতা সংস্থা ও অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সরকারি কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে সিডিডি কাজ করে যাচ্ছে। যে লক্ষ্য নিয়ে সিডিডির যাত্রা শুরু হয়েছিল, সেই পথে অনেক দূর এগোলেও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায় এবং তাদের নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসতে এখনও অনেকটা পথ হাঁটা বাকি। ভবিষ্যতে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার এই প্রচেষ্টায় সরকারসহ সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সিডিডির সুদীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও নির্বাহী উপদেষ্টা এ এইচ এম নোমান খান। এ সময় সিডিডির ৩০ বছরের পথচলার স্মৃতিসম্বলিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। পরে কেক কাটা হয় এবং পরিবেশন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পটের গান।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, সমাজভিত্তিক পুনর্বাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্তিকরণের প্রভাব ও অভিজ্ঞতা তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তারেক বলেন, বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সিডিডি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রত্যন্ত অঞ্চলে যেখানে শহুরে সুযোগ-সুবিধা পৌঁছানো যায় না, সেখানে সিডিডির মতো সংস্থাগুলোর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির জন্য সরকার কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সরকার ও অন্যান্য সংস্থার যৌথ অংশীদারত্ব আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০ বছর পূর্তির আয়োজন শেষ হয়।

এর আগে সকালে সিডিডির উদ্যোগে কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ প্রতিবন্ধী শিশু, যুব ও তাদের অভিভাবক অংশ নেন।

সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অংশগ্রহণ, ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের বিষয়ে আলোচনা করেন বক্তারা। সকলের সম্মিলিত প্রয়াস একটি অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।