মোজাম্মেল হক-ফারজানা রুপার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আবেদন অ্যামনেস্টির

মোজাম্মেল হক-ফারজানা রুপার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আবেদন অ্যামনেস্টির

ফন্ট সাইজ:

একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপার বিরুদ্ধে সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া জানায়, ৭ই মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২০১৩ সালের মে মাসে হেফাজতে ইসলামের সদস্যদের ওপর চালানো প্রাণঘাতী দমন-পীড়নের সংবাদ পরিবেশনের সঙ্গে এসব অভিযোগের সম্পর্ক রয়েছে।

বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি বলেছে, প্রসিকিউশনের অভিযোগ ছিল, টেলিভিশন চ্যানেলটি একটি ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রচার করেছিল। এতে হতাহতের ঘটনা ঘটেনি এমন ধারণা দেয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়। প্রকৃত মৃত্যুর সংখ্যা থেকে জনগণের দৃষ্টি সরাতেই ওই প্রতিবেদন প্রচার করা হয়েছিল বলে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়।

তবে মতপ্রকাশের স্বাধীনতার আওতায় এমন তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা কারও কাছে আপত্তিকর, বিস্ময়কর বা অস্বস্তিকর মনে হতে পারে। অধিকারকে সম্মান করে এমন সমাজে সুস্থ জনপরিসর নিশ্চিত করতে এই অধিকারের প্রতি শ্রদ্ধা অপরিহার্য। অপছন্দনীয় মতামত বা রাজনৈতিক দলের সঙ্গে কথিত সম্পৃক্ততার কারণে কোনোভাবেই সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা উচিত নয় বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া।

বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকতার কারণে আনা এসব অভিযোগ অবিলম্বে প্রত্যাহার এবং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।