নারী সাংবাদিকদের যৌন হেনস্থা করায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে সোমবার সকালেও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে ১৮ জনকে আটক করে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নিয়ে গেছে পুলিশ। আটকদের মধ্যে রয়েছেন সেই সাংবাদিকও, যিনি দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। ফ্রিল্যান্স সাংবাদিক, ইউটিউবার এবং বিক্ষোভকারীদের একে একে তুলে নিয়ে বাসে করে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। ওই নারী সাংবাদিক গণমাধ্যমকে জানিয়েছেন, তারা থানার ভেতরে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন যাতে তার অভিযোগের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারেন।
তিন নারী সাংবাদিক অভিযোগ করেছেন, শনিবার যন্তর মন্তরে খবর সংগ্রহ করতে গিয়ে তারা যৌন হেনস্থার শিকার হয়েছেন। তারা আঙুল তুলেছেন দিল্লি পুলিশের এসিপি বিবেকের দিকে। এই অভিযোগের সূত্রে শনিবার রাত থেকেই পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন অনেক মানুষ। রবিবার রাতেও তার ব্যতিক্রম হয়নি। থানার বাইরে অবস্থান চলতে থাকে। সোমবার সকালে হঠাৎই ধরপাকড় শুরু করে দিল্লি পুলিশ। থানার সামনে জমায়েত হওয়া বিক্ষোভকারী এবং সাংবাদিকদের কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগকারী নারী সাংবাদিকও রেহাই পাননি। এই ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের ভয় পাওয়াতেই এই ধরনের কাজ করছে দিল্লি পুলিশ।
এক নারী সাংবাদিক জানিয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভের সময় শনিবার পুলিশের একজন সহকারী কমিশনার (এসিপি) তাকে যৌন হেনস্তা করেন। তিনি অভিযোগ করেছেন, পেশাগত দায়িত্বপালনের সময় ওই কর্মকর্তা অশালীনভাবে তার শরীর স্পর্শ করেছেন এবং ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন।
ভারতের প্রেস কাউন্সিল এক বিবৃতিতে এই ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেছে, দিল্লি পুলিশকে অবশ্যই নারী সাংবাদিকের অভিযোগের বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন গণমাধ্যমকর্মীরা কোনো ধরনের আগ্রাসন বা হুমকির মুখে না পড়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন।
এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, তারা তিনজন নারী সাংবাদিকের কাছ থেকে তিনটি পৃথক অভিযোগ পেয়েছেন। ওই সাংবাদিকরা অভিযোগ করেছেন, ৩ অক্টোবর যন্তর মন্তরের কাছে বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় পুলিশ কর্মীরা তাদের যৌন হেনস্থা করেছেন। পুলিশ জানিয়েছে, ক্রাইম ব্রাঞ্চ বিষয়গুলোর তদন্ত করছে এবং ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে।
দিল্লিতে বিক্ষোভে আটক নারী সাংবাদিক
এফআইআর দায়েরের দাবিতে দিল্লিতে থানার সামনে বিক্ষোভ, আটক অভিযোগকারী নারী সাংবাদিক
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৪৩ মিনিট আগে
৫ অক্টোবর (সোমবার), ২০২৬, ৫ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
