কুমিল্লার ব্রাহ্মণপাড়ার তরুণ মো. সজিব (২৫) সৌদি আরবের জুবাইল শহরে এক আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলেই মারা গেছেন। গত রোববার (৪ অক্টোবর) সৌদি আরবের সময় রাতে এ ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। নিহত সজিব ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের বাসিন্দা ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন। সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মী আল আমিন মুঠোফোনে সজিবের নিহতের বিষয়টি দেশে থাকা পরিবারকে নিশ্চিত করেছেন। এ খবর বাগড়া গ্রামে পৌঁছালে স্বজন ও গ্রামবাসীদের মাঝে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সজিবের বাবা-মা। পরিবারের অভাব-অনটন দূর করতে ও ভবিষ্যৎ সচ্ছলতার আশায় প্রবাসে পাড়ি জমিয়েছিলেন সজিব। সজিবের মরদেহ দ্রুত নিজ দেশে এনে দাফন নিশ্চিত করতে সরকারের কাছে জোর আকুতি জানিয়েছেন স্বজনরা।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহতের পরিবার যোগাযোগ করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করা হবে। পরিবারের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
