রাশিয়া ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসী ‘ছায়াযুদ্ধ’ জোরদার করেছে। এতে মস্কোর সঙ্গে জার্মানি সরাসরি সহিংস সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান মার্টিন ইয়াগার। খবর রয়টার্সের।
সোমবার (৫ অক্টোবর) পার্লামেন্টে গোয়েন্দা প্রধানদের বার্ষিক শুনানিতে জার্মানির বিদেশি গোয়েন্দা সংস্থা বিএনডির প্রধান ইয়াগার বলেন, রাশিয়ার সঙ্গে জার্মানির চলমান সংঘাত ‘নতুন ও আরও বিপজ্জনক মাত্রা’ পেয়েছে।
তিনি বলেন, ‘জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সহিংস সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। লাইপজিগে হামলার চেষ্টা এর একটি উদাহরণ।’
জার্মান কর্তৃপক্ষের অভিযোগ, রাশিয়া ড্রোন ও সাইবার হামলার মাধ্যমে ইউরোপে একটি হাইব্রিড অভিযান চালাচ্ছে। গত আগস্টে লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টার পেছনেও মস্কোর হাত রয়েছে বলে অভিযোগ করেছে বার্লিন।
তবে রাশিয়া ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলার পরিকল্পনার কথা বারবার অস্বীকার করেছে। এনিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার বলেন, ‘আমরা কাউকে হুমকি দিচ্ছি না। ২০২৯, ২০৩০ কিংবা ২০৫০—কোনো সময়ই কাউকে আক্রমণের ইচ্ছা আমাদের নেই। তবে আমাদের ওপর আগ্রাসন হলে জবাব দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না।’
