সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন

নিউ গিনি প্রপার্টিজে হামলা

সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন

ফন্ট সাইজ:

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী। তিন দিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ১ অক্টোবর তাকে তিন দিনের রিমান্ডে পাঠান আদালত।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকার নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়। নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১৫০ থেকে ২০০ জনকে।