আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। প্রতিপক্ষ বেনিন। এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে একের পর এক উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ইতিমধ্যে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি। জীবনের শেষবারের মতো আলবিসেলেস্তেদের ক্যাম্পে পা রাখলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ছবি। দুই দিন কাটিয়েছেন নিজের শহর রোজারিওতে। এরপর ফিরেছেন বুয়েনস এইরেসে। কোচ লিওনেল স্কালোনির অধীনে প্রস্তুতি নিতেই দলে যোগ দিয়েছেন অধিনায়ক। বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামেননি মেসি। ছিল পরিকল্পনারই অংশ। তবু সমস্যা হয়নি দলের। দুই ম্যাচ মিলিয়ে ১১ গোল করেছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর দেয়ার পর কথা বলেছিলেন ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্তিনেস। তেলেফেকে তিনি বলেন, ‘মঙ্গলবারের ম্যাচটা হবে আবেগে ভরপুর। গভীরভাবে বিশেষ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
জাতীয় দলের হয়ে এটি মেসির ২০৮তম ও শেষ ম্যাচ। তাই তাকে দেওয়া হবে বিশেষ এক জার্সি। ম্যাচ শেষে সেটি জায়গা পাবে মেসির ব্যক্তিগত জাদুঘরে, তার অসংখ্য শিরোপা ও পুরস্কারের পাশে। জার্সিতে থাকবে দুটি বড় আকাশি-নীল স্ট্রাইপ। মাঝে সাদা অংশ। কেন্দ্রে জাতীয় পতাকার সূর্যের প্রতীক। মেসির নাম ও নম্বর লেখা হবে সোনালি রঙে।
ম্যাচ হবে রিভার প্লেটের এস্তাদিও মনুমেন্তালে। ধারণক্ষমতা ৮৫ হাজার। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসির প্রাপ্য বিদায় নিশ্চিত করতে ২০২২ বিশ্বকাপজয়ী পুরো দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তার ভাষায়, এটি হতে যাচ্ছে ‘ভুলে না যাওয়ার মতো’ এক উপলক্ষ। রদ্রিগো দি পল ও জিওভান্নি লো সেলসোও শুধু এই ম্যাচেই খেলবেন। মেসির মতো তারাও ছিলেন না আগের দুই ম্যাচে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। সোমবার হবে শেষ অনুশীলন। সময় এখনো জানানো হয়নি। ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন মেসি ও স্কালোনি দুজনেই। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। সংগ্রহে ১২৫ গোল। অবসরের ঘোষণা দেওয়ার সময় বলেছিলেন, ‘এটি এমন একটি সিদ্ধান্ত যা আমাকে কষ্ট দিয়েছিল এবং এখনো গভীরভাবে কষ্ট দেয়। তবে আমি বুঝি, এটাই সঠিক সময়।’
