মহাত্মা গান্ধীর ছবি থাকা ৫০০ রুপির নোট নিয়ে আপত্তিকর ভঙ্গিতে তৈরি রিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে ভারতের গুজরাটে সুরাটের এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই নারীর নাম সিমরান প্যাটেল (৪৭)। সুরাট পুলিশ জানিয়েছে, ইনস্টাগ্রামে তার প্রায় ১০ লাখ অনুসারী আছে। পুলিশ জানায়, সুরাট শহরের আদাজান এলাকায় বসবাস করেন সিমরান। গান্ধী জয়ন্তীর আগের দিন ১লা অক্টোবর দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে ওই ভিডিওটি প্রকাশ করেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
সুরাট পুলিশ তাদের এক্স অ্যাকাউন্টে গ্রেপ্তারের বিষয়টি জানায়। এ সময় কনটেন্ট ক্রিয়েটরের একটি ‘আগে ও পরে’র ভিডিও ক্লিপও প্রকাশ করা হয়। ক্লিপটির প্রথম অংশে তাকে ৫০০ রুপির নোটটি হাতে নিয়ে আপত্তিকর ভঙ্গি করতে দেখা যায়। পরের অংশে দেখা যায়, তার হাতে হাতকড়া পরানো হয়েছে। পুলিশের প্রকাশিত ভিডিওতে সিমরান প্যাটেলকে অনলাইনে ভিডিওটি প্রকাশের জন্য ক্ষমা চাইতেও দেখা যায়।
পুলিশ জানিয়েছে, প্রকাশিত ভিডিওতে মহাত্মা গান্ধীর ছবিকে ঘিরে অনুপযুক্ত দৃশ্য ও অঙ্গভঙ্গি ছিল। এ কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। সিমরান প্যাটেলের রিলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সুরাট ক্রাইম ব্রাঞ্চে যান সমাজকর্মী ধর্মেশ গামি। তার অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলাটি করা হয়েছে। ইলেকট্রনিক মাধ্যমে অশ্লীল উপাদান প্রকাশ বা প্রচারের বিষয়টি এই ধারার আওতায় পড়ে। এ ঘটনায় নাগরিকদের প্রতি সতর্কবার্তা দিয়েছে পুলিশ। সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন কোনো উপাদান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে তারা।
পুলিশ আরও জানিয়েছে, বিয়ের পর ১৭ বছর আগে সুরাটে বসতি গড়েন সিমরান প্যাটেল। এরপর থেকে তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ছোট ভিডিও তৈরি ও প্রকাশ করে আসছেন। পুলিশের তথ্য অনুযায়ী, সিমরান প্যাটেল দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।
মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর রিল, গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
৫ অক্টোবর (সোমবার), ২০২৬, ১ঃ৫৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
