পল্টন ও প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ-বিক্ষোভ, বিভিন্ন এলাকায় মিছিল

পল্টন ও প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ-বিক্ষোভ, বিভিন্ন এলাকায় মিছিল

ফন্ট সাইজ:

রাজধানীর পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোচালক তাদের কয়েকটি দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। এর পাশাপাশি রাজধানীর আরও কিছু এলাকায় অটো রিকশাচালকরা বিক্ষোভ ও খণ্ড মিছিল বের করেছেন। 
এতে এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যাপক জ্যামের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

আন্দোলনকারীরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। তাদের দাবি না মানলে রাস্তা ছাড়বেন না।

এদিকে সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটো প্রায় চলছেই না।
রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’

অটোরিকশা চালকদের বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ— এ তথ্য মানবজমিনকে জানানো হয় শাহবাগ থানা থেকে।  বলা হয়, অটোরিকশাচালকরা খণ্ড খণ্ড মিছিল বের করেছেন।