সন্তানকে বাঁচানোর লড়াইয়ে পাশে দাঁড়াতে বাংলাদেশ থেকে সিডনিতে এসেছিলেন বাবা। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—অসুস্থ ছেলের পাশে থাকার সেই যাত্রাই হয়ে উঠল তার জীবনেরও শেষযাত্রা। ক্যান্সারে আক্রান্ত ৩০ বছর বয়সী ছেলে রাহিমুল বারি চৌধুরীকে দেখতে এসে মাত্র তিন মাসের মাথায় নিজেই লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে হার মানলেন ৬১ বছর বয়সী মোস্তাফিজুর রহমান চৌধুরী। রোববার সকালে সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢাকার মগবাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান চৌধুরী গত ২৭ জুন ছেলের চিকিৎসার কঠিন সময়ে পাশে থাকতে বাংলাদেশ থেকে সিডনিতে এসেছিলেন। অসুস্থ ছেলেকে একটু সাহস দেওয়া, চিকিৎসার সময় পাশে থাকা—একজন বাবার কাছে এর চেয়ে বড় দায়িত্ব আর কী-ই বা হতে পারে!
কিন্তু সিডনিতে আসার পরই অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর রহমান। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ধরা পড়ে লিভার ক্যান্সার। এরপর শুরু হয় তার নিজের চিকিৎসা। যে সন্তানকে দেখতে, যার পাশে দাঁড়াতে তিনি হাজার মাইল পাড়ি দিয়েছিলেন, সেই সন্তানের চিকিৎসার পাশাপাশি শুরু হয় বাবারও জীবন-মৃত্যুর লড়াই।
একই পরিবারের বাবা ও ছেলে—দুজনই ক্যান্সারে আক্রান্ত। একদিকে ছেলের চিকিৎসা, অন্যদিকে তার অসুস্থতা। মুহূর্তে পরিবারের স্বাভাবিক জীবন যেন থমকে যায়। স্বজনদের চোখের সামনে তৈরি হয় এক ভয়াবহ বাস্তবতা। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে হার মানলেন বাবা মোস্তাফিজুর রহমান চৌধুরী। রাহিমুল বারি চৌধুরীর জন্য বাবাকে হারানোর এই শোক আরও নির্মম, কঠিন। নিজের অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতেই হারালেন তাঁর সবচেয়ে বড় আশ্রয়কে। যে বাবা অসুস্থ ছেলের পাশে দাঁড়াতে সিডনিতে এসেছিলেন, সেই বাবাই আজ নেই—রয়ে গেছে তাঁর স্মৃতি, আর পরিবারের সদস্যদের হৃদয়ে গভীর শূন্যতা। মোস্তাফিজুর রহমান চৌধুরীর মৃত্যুতে পরিবার, স্বজন ও সিডনির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
মরহুমের জানাজা আগামীকাল সোমবার বাদ জোহর লাকেম্বা মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সিডনির কেম্পস ক্রিক মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের জানাজায় স্বজন, বন্ধু-বান্ধব ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ এবং তার রুহের মাগফিরাতের জন্য দোয়ার অনুরোধ জানিয়েছে পরিবার।
ক্যান্সার আক্রান্ত ছেলেকে দেখতে সিডনিতে এসে ক্যান্সারেই প্রাণ হারালেন বাবা
আলমগীর হোসেন রুহেল, সিডনি (অস্ট্রেলিয়া) থেকে
অনলাইন
১ ঘন্টা আগে
৪ অক্টোবর (রবিবার), ২০২৬, ৪ঃ৩৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
