সৌদি আরবের রাজধানী রিয়াদের অদূরে গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে একযোগে এ হামলা চালানো হয়। শনিবার সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকোর ওই শোধনাগার থেকে আগুনের লেলিহান শিখা ও বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। দেশটির দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বা অ্যারামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এক্সে দেয়া এক পোস্টে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তেল স্থাপনায় আগুন ধরে যায়। তিনি জানান, রাজধানী সানাসহ ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেয়া হয়েছে। সারি আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি জোট অন্তত ৬০টি বিমান হামলা চালিয়েছে।
অন্যদিকে হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, সংঘাত বৃদ্ধি পাওয়ার পর থেকে দেশটিতে সৌদি হামলায় ৭২ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছেন।
