সল্টলেকে ভারতের বিপক্ষে দাপুটে জয় ব্রাজিলের

সল্টলেকে ভারতের বিপক্ষে দাপুটে জয় ব্রাজিলের

ফন্ট সাইজ:

কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে নিজেদের শক্তিমত্তা ও আধিপত্যের পূর্ণ প্রদর্শনী দেখিয়ে ভারতকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে বদলি নামা স্যামুয়েল লিনোর জোড়া গোল এবং প্রথমার্ধে এস্তেভাও ও পেদ্রোর লক্ষ্যভেদে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হাজারো ভারতীয় সমর্থকের উপস্থিতিতে ভিনিসিয়ুস জুনিয়র, মার্কিনহোস ও তরুণ তারকা এস্তেভাওকে শুরুর একাদশেই নামান সেলেসাও কোচ কার্লো আনচেলোত্তি। ম্যাচের প্রথম দিকে কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের রক্ষণভাগকে ভালোই চ্যালেঞ্জে ফেলে ভারতের মনবীর সিং ও রায়ান উইলিয়ামস। তবে ২৮ মিনিটে ডান প্রান্ত থেকে এস্তেভাওয়ের বাড়ানো নিচু শট ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

৪২ মিনিটে দ্বিতীয় গোলেও দায় ছিল ভারতীয় কিপারের। এস্তেভাওয়ের চতুর পাস থেকে নেয়া পেদ্রোর শট গুরপ্রীতের হাত গলে বের হয়ে ব্যবধান বাড়ায়।
দ্বিতীয়ার্ধেও সমতায় ফেরার চেষ্টা করে ভারত। তবে ৫৮ মিনিটে রক্ষণের চরম ভুলে বল উপহার পান লিনো। সেখান থেকে বাঁকানো শটে চমৎকার গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি। এরপর ম্যাচের যোগ করা সময়ে ভারতের জালে শেষবার বল জড়ান এই সেলেসাও ফরোয়ার্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্রয়ের ধাক্কা কাটিয়ে কলকাতার মাঠে এমন দাপুটে জয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেললেন আনচেলোত্তি।