বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবীন সদস্য, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার বাদ মাগরিব শহরের বটতলা কাচারি জামে মসজিদের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানথানা এলাকার শহীদী মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলায় যে অভিযোগ আনা হয়েছে, সেগুলো অজুহাত মাত্র। তারেক রহমানের সমালোচনা করার কারণেই প্রতিহিংসাবশত তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তারা। বক্তারা আরও বলেন, বিমানবন্দরের অনিয়ম নিয়ে কথা বলে মেজর আখতার ‘লাগেজ চোর সিন্ডিকেটের কলিজায় হাত দিয়েছেন’। তাদের দাবি, ওই সিন্ডিকেটে সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন জড়িত থাকার বিষয়টি নিয়েও তিনি কথা বলেছেন।
এ কারণেই সরকার তার ওপর ক্ষুব্ধ হয়েছে বলে দাবি করেন তারা। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান। তা না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। জেলা জামায়াতের শহর আমীর আ ম ম আব্দুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা ক্বারী নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার সভাপতি খালেদ হাসান জুম্মন, কিশোরগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।
