মিরপুরে বিএনপি-জামায়াত উত্তেজনা ঠেকাতে গিয়ে ওসি আহত

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আজুতলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে আহত হয়েছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। জানা যায়, শুক্রবার মসজিদে রাজনৈতিক আলোচনা করা হচ্ছে এমন অভিযোগ তোলেন বিএনপি’র নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকালে একই সময়ে দুইপক্ষ পৃথক প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। জামায়াতের সমাবেশ শেষে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় মিরপুর থানা পুলিশের একটি দল।

এ সময় ওসি শহিদুল ইসলামসহ প্রায় ৩০ থেকে ৪০ জন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে ওসি শহিদুল ইসলাম আহত হন। তার হাতে আঘাত লাগে এবং ব্যবহৃত মোবাইল ফোন ও হাত ঘড়ি ভেঙে যায় বলে জানা গেছে। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।