লক্ষ্য ছিল ষষ্ঠ স্থানে এশিয়ান গেমস শেষ করার। চীনের কাছে হেরে সেটা না হলেও পুরুষ হকিতে সপ্তম হয়েছে বাংলাদেশ। গতকাল গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে তারা। তাতেও আগামী চার বছর আন্তর্জাতিক হকি অনেকগুলো জানালা খুলেছে রাসেল মাহমুদ জিমিদের। ম্যাচের তৃতীয় মিনিটে রোমান সরকারের গোলে লিড নেয় বাংলাদেশ। ২৭ মিনিটে আমিরুল ইসলাম পিসি থেকে সফল লক্ষ্যভেদে ব্যবধান বাড়ান। আশরাফুল ইসলাম পিসি থেকে ৫৩ মিনিটে করেন দলের তৃতীয় গোল। দলের ম্যানেজার ও হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স আগামীর সময়কে জানান, ‘মাত্র দুই মাসের চেষ্টায় লক্ষ্য ছিল ষষ্ঠ হওয়ার।
তবে বোঝা গেছে চীন গত কয়েক বছরে অনেক এগিয়ে গেছে। এই ব্যবধানটা মিটাতে আমাদের আরও কাজ করতে হবে। সপ্তম হয়ে আমরা খুব একটা হতাশ নই। কারণ এর ফলে আমরা এ মাসের শেষ সপ্তাহে ভারতের জলন্দরে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ পাচ্ছি। এবার ভারত চ্যাম্পিয়ন হলে ওরা সব কিছুই সরাসরি খেলবে। তাদের বাদ দিয়ে সেরা ছয় দল অলিম্পিক বাছাই থেকে শুরু করে আন্তর্জাতিক হকে ফেডারেশনের প্রায় সব টুর্নামেন্টেই খেলার সুযোগ পাবে। এটা আমাদের জন্য নিজেদের প্রমাণের এবং উন্নতির একটা দারুণ সুযোগ।’ প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিয়ে বাংলাদেশ নারী হকি দল শুক্রবার সিঙ্গাপুরকে হারিয়ে নবম হয়।
