সাতক্ষীরায় মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে মো. জাকারিয়া খান (১৯) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশু হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া শহরের রুচিরা বেকারির মালিক আব্দুর গফুর খানের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল মোড়ে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় চায়ের দোকানদারের সঙ্গে কয়েকজনের কথাকাটাকাটি চলছিল। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে দোকানদারকে রক্ষা করতে এবং মারামারি থামাতে এগিয়ে যান জাকারিয়া। এতে ক্ষিপ্ত হয়ে তাদের একজন জাকারিয়ার বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় জাকারিয়া মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে দোকানদার ও পথচারীরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাকারিয়ার চাচাতো ভাই মাছুম বিল্লাহ শাহীন বলেন, চায়ের দোকানে কথাকাটাকাটি থামাতে গিয়ে জাকারিয়া ছুরিকাঘাতের শিকার হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ইতিমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
