ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহের গৌরীপুরে জমি দখল করতে গিয়ে মকবুল হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুরে জেলার গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন একই ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের কছুমুদ্দিনের ছেলে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জমি নিয়ে বিরোধে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে আব্দুর রাশিদের সাথে দেড় একর জমি নিয়ে পাশের গ্রামের খোদাবক্সপুর গ্রামের নিহত মকবুল হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। ওই দেড় একর জমি আব্দুর রাশিদের দখলে ছিল।

গতকাল দুপুরে মকবুল হোসেন তার লোকজন নিয়ে জমিতে হালচাষ করে দখল করতে যায়। এ সময় আব্দুর রাশিদ লোকজন নিয়ে তাদের বাধা দেয়। এতে দুইপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আব্দুর রাশিদের লোকজন মকবুল হোসেনসহ চারজনকে পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় মকবুল হোসেনকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।