দেশের নদী, খাল, জলাশয় দখলমুক্ত ও পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বা রাজনৈতিক বিবেচনা করা হবে না বলে জানিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, একবার খনন ও পুনরুদ্ধার করা নদী-খাল কিংবা জলাশয় যাতে আবার দখল হয়ে না যায় সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। শনিবার সকালে তিনি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী এলাকা পরিদর্শনকালে এ কথাগুলো বলেন।
আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি ও মিয়ানমারের ৩টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ফারাক্কার ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তা নবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। চুক্তি নবায়নের বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করে যাচ্ছে। নদী ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে নোঙর রিভার ক্যাম্প-এর কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। আয়োজকরা জানান, নোঙর বাংলাদেশের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে রিভার ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে।
বিভিন্ন জেলা ঘুরে এ কর্মসূচি শেষ হবে টেকনাফে গিয়ে। অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আকাশ, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দিন প্রধান ও নাসির খান মিন্টুসহ জেলা-উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
