মৌলভীবাজারে স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রমে নামলো দুই শতাধিক তরুণ। তাদের চোখের সামনে রাতদিন ব্যস্ত সড়কে ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। সড়কের দুই পাশে হয় বাড়িঘরের সীমানাপ্রাচীর, নয়তো ঝোপঝাড়। এতে পথচারী, শিক্ষার্থী সবাইকে প্রতিনিয়তই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয়। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের নজর এলেও তারা তা পরিষ্কার করছিলেন না। তাই স্বেচ্ছাশ্রমে পথচারীদের এই ভোগান্তি দূর করার লক্ষ্যে সদর উপজেলার কামালপুর ইউনিয়নের মানবতাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে তরুণরা এগিয়ে আসেন। তারা ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কামালপুর ইউনিয়নের অভ্যন্তরীণ প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কার করেন।
এর আগেও তারা এ রকম সড়কের ঝোপঝাড় পরিষ্কার অভিযান করেছিলেন। দ্বিতীয়বারের মতো নির্মল সড়ক-২ বাস্তবায়নে শুক্রবার কামালপুর ইউনিয়নের খালিশপুর এলাকায় চলে এই কার্যক্রম। সকাল হতে তারা লাল টি-শার্ট পরে কারও হাতে দা, কারও হাতে কোদাল নিয়ে সবাই জড়ো হন। ছোট ঝোপঝাড়ের সঙ্গে বড় ঝোপঝাড় কাটার জন্য কিছু যন্ত্রও জোগাড় করা হয়। সবাই উপস্থিত হওয়ার পর কাজ শুরু করেন। চলে পরিষ্কার কার্যক্রম। এ সময় সড়কের যান চলাচলের শৃঙ্খলার নিরাপত্তার দায়িত্বে ছিলেন সংগঠন এর সদস্যরা। এভাবেই সম্পন্ন হয় ৭ বছর যাবত চলা নানা সেবামূলক কর্মকাণ্ডের স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ইউনিয়নব্যাপী পরিচ্ছন্নতা অভিযান নির্মল সড়ক-২। সংগঠনের আহ্বায়ক মিজান খান, সাবেক সভাপতি মহসিন আলী, সাবেক সহ-সভাপতি মিনার হুসেন, সদস্য সচিব হাসানুজ্জামান খানসহ সংগঠনের সদস্যরা জানান— তাদের এই কার্যক্রম চলমান থাকবে।
