মাদকসেবনের টাকা চাওয়ায় হত্যা

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকসেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবাকে মারধরের ঘটনায় ছোট ভাই ইমরান হোসেন (৩০) হাঁসুয়া দিয়ে কুপিয়ে বড় ভাই এমদাদ হোসেন রাসেল (৩৫) কে হত্যা করেছে। গত শুক্রবার উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাদকাসক্ত রাসেল একই গ্রামের ডাব ব্যবসায়ী আহাদ হোসেনের ছেলে। অভিযুক্ত ইমরান শিল্পনগরী আল্লারদর্গায় একটি পারটেক্স কোম্পানিতে কর্মরত রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে রাসেল তার বাবা আহাদ হোসেনের কাছে ২০০ টাকা দাবি করে। রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত থাকায় তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হওয়ায় বাবা ২০০ টাকার পরিবর্তে তাকে ২০ টাকা দিয়ে চলে যেতে বললে ক্ষিপ্ত হয়ে রাসেল তার বাবাকে মারধর করে। বাবাকে মারধরের ঘটনা জানতে পেরে ছোট ভাই ইমরান বাড়িতে গিয়ে বাবার ডাব কাটার হাঁসুয়া দিয়ে রাসেলের পায়ে কোপ দিলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত রাসেলের বিরুদ্ধে দৌলতপুর থানায় ৩টি এবং ঈশ্বরদী থানায় একটি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত ইমরান পলাতক রয়েছেন। এদিকে রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় এম্বুলেন্সের সঙ্গে থাকা ৩ জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা পুলিশ কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে। হত্যার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, মাদকাসক্ত রাসেল তার বাবার কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে রাসেলকে রাজশাহীতে নেয়া এম্বুলেন্সে থাকা ৩ জন স্বজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হত্যার ঘটনা নিশ্চিত করেছে। অভিযুক্ত ইমরান বর্তমানে পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।