আগুনে পুড়লো ৫ পাটের গোডাউন

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পাটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বাটিকামারী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাটিকামারী বাজারের ব্যবসায়ী ইবাদত মাতুব্বরের পাটের গোডাউনের শাটারে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত আগুনের ফুলকি পাটের উপর গিয়ে পড়ে। মুহূর্তেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোডাউন থেকে আগুন দ্রুত পার্শ্ববর্তী কিবরিয়া মিয়া, মুন্নু শেখ, ফারুক শেখ ও নজরুল ফকিরের পাটের গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে তাদের বিপুল পরিমাণ পাট পুড়ে যায়— এতে ব্যবসায়ীদের অন্তত ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।